নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম প্রান্ত রাংসা। এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ভারত সীমান্তের পাহাড় থেকে বন্য হাতির দল নেমে আসে। পাকা ধানখেতে হাতি নেমে এসে ধানের ক্ষতি করতে চাইলে স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন হাতির দলকে তাড়া দেন। ১৫ থেকে ২০টি হাতি তখন টিলায় উঠে যায় এবং সেখানেই অবস্থান করতে থাকে।
গতকাল সন্ধ্যার পর হাতির দল খেতে নামলে ফসলের ক্ষতি এড়াতে প্রান্ত রাংসাসহ অন্যরা টর্চলাইট ও মশাল জ্বালিয়ে পাহারা দেন। হাতির দল তখন চলে যায়। পরে দিবাগত রাত একটার দিকে প্রান্তসহ অন্য কৃষকেরা বাড়ি ফেরার পথে হাতির দল তাদের তাড়া দেয়। একটি হাতি প্রান্তকে শুঁড় দিয়ে টেনে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই প্রান্তের মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রান্ত রাংসার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলেছে।































































































































































































































