নেত্রকোনার মদনে সরকারি খাদ্যগুদাম থেকে পাচারের অভিযোগে ২০ টন চাল জব্দের ঘটনার পর তদন্তে আরও প্রায় ৪৩ টন ৫৬০ কেজি অতিরিক্ত চালের সন্ধান পাওয়া গেছে। পরে গত শনিবার বিকেলে গুদামটি সিলগালা করেছে খাদ্য বিভাগ। গতকাল রোববার খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক সেলিমুল আজম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ, খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মদন উপজেলা থেকে ৬৬৭ বস্তায় ২০ টন সরকারি চাল ট্রাকে করে বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে নেওয়া হচ্ছিল। কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে চালগুলো পাচার করা হচ্ছে—এমন তথ্য পেয়ে নেত্রকোনা-মদন সড়কের হাঁসকুঁড়ি মৈধাম এলাকায় অভিযান চালায় পুলিশ।
পরে সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে সরকারি সিলযুক্ত বস্তাভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করে পুলিশ।































































































































































































































