নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম (৭৫) মারা গেছেন। তিনি ধান শুকানো নিয়ে সংঘর্ষে আহত হয়েছিলেন। গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বলাইশিমুল চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহিমের সঙ্গে প্রতিবেশী মো. জসিম উদ্দিন ওরফে এন্তাজ মিয়ার (৫০) সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ধান শুকানোর সীমানা নিয়ে উভয় পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করেন। কিন্তু কিছুক্ষণ পর জসিম উদ্দিনের লোকজন আবদুর রহিমদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে আবদুর রহিমসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।































































































































































































































