নোয়াখালীতে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র 'হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের' দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন প্ল্যান্টের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে জেলার বেগমগঞ্জের মীর ওয়ারিশপুরের ১১৩ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।































































































































































































































