নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট–সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। দোকানটিতে টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি। ওই দোকান থেকে তাঁর বাড়ির দূরত্ব পাঁচ মিনিটের হাঁটাপথ।
নিহত রফিকুলের পরিবারের সদস্যরা বলছেন, সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন রফিকুল। গতকাল রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মুঠোফোনে পরপর কল করেও তাঁর সঙ্গে কথা বলা যাচ্ছিল না। তাঁরা দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু তালাবদ্ধ ছিল না। পরে ভেতরে ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।































































































































































































































