নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাতে একজনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ছাদে বজ্রপাতে একজনের মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পর নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই ব্যক্তির নাম সজীব সরকার (৪০)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদী গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ ও সজীবের স্বজনেরা জানান, আজ বিকেলে রাজধানী থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ‘ছ’ বগির ছাদে অবস্থান করছিলেন সজীব সরকার। ঝড়বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী বগিগুলোর ছাদে আরও লোকজন অবস্থান করলেও ‘ছ’ বগির ছাদে তিনি একাই ছিলেন।

বিকেল পাঁচটার দিকে ট্রেনটি ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন অতিক্রমের সময় তাঁর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।