বাঘা উপজেলার চক রাজাপুর ইউনিয়নের কালীদাসখালী গ্রামের সিদ্দিক ব্যাপারী ছেলে স্বপন ব্যাপারীকে গত সোমবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে বাড়ির সামনে এসে একদল লোক গুলি করে। পরে তারা তাঁকে নৌকায় তুলে নিয়ে চলে যায়। ওই ব্যক্তিরা দুটি নৌকা নিয়ে এসেছিল।
পুলিশ লাশ না পাওয়া পর্যন্ত তাঁকে মৃত বলে ঘোষণা করেনি। তবে তাঁর পরিবারের দাবি, স্বপন ব্যাপারী আর বেঁচে নেই। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এত রক্তক্ষরণের পর মানুষ বেঁচে থাকতে পারে না।
সিদ্দিক ব্যাপারীর বাড়ির সঙ্গেই পদ্মা নদী। স্বপন সম্প্রতি বাবার বাড়ি থেকে কয়েক গজ দূরে আলাদা বাড়ি করেছেন। তাঁর একটি মুদিদোকান আছে। বাড়ির পাশে নদীতে বালু তোলার ৩৩টি ড্রেজার ছিল। স্বপনের দোকান থেকে ড্রেজারের লোকেরা তেল কিনতেন। স্বপন ব্যাপারীর এক ছেলে ও এক মেয়ে। ছেলে নবম শ্রেণিতে পড়ে আর মেয়ের বিয়ে দিয়েছেন।































































































































































































































