গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মা-মেয়েসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যার উদ্দেশ্যে ফোরকান পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন বলে পুলিশ জানিয়েছিল। শনিবার বিকেল চারটার দিকে সেতুর অদূরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়াদৌড় বাজার-সংলগ্ন নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে মাওয়া নৌপুলিশ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুপুরের পর ঘোড়দৌড় বাজার-সংলগ্ন পদ্মা নদীতে লাশটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে নৌ পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ইলিয়াছ বলেন, বিকেল চারটার দিকে পদ্মা সেতু থেকে প্রায় চার কিলোমিটার দূরে ঘোড়দৌড় বাজার-সংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পচন ধরায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না।































































































































































































































