পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, শিক্ষক এবং ছায়ানটের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে নালন্দা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জায়ীদ আবদুল্লাহ (১৫) শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয়। সে বলে, ‘আমাদের সমবয়সী শিশু–কিশোরদের খুন, গুম, ধর্ষণসহ নানা শারীরিক ও মানসিক নির্যাতন দেখতে দেখতে আমরা সবাই বিপর্যস্ত হয়ে যাচ্ছি। ঢাকার মিরপুরের পল্লবীতে সাত [আট] বছরের শিশুর সঙ্গে ঘটে যাওয়া জঘন্য অপরাধটি আমরা মেনে নিতে পারছি না।’

শিশু নির্যাতন বন্ধ করার দাবি জানিয়ে জায়ীদ বলে, ‘মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সময় শৈশব। সেই শৈশব কারও থেকে যেন কেড়ে নেওয়া না হয়।’

মানববন্ধন থেকে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা নিজেদের লেখা পোস্টার নিয়ে দাঁড়ায়। পোস্টারে ‘রাষ্ট্র আমার নিরাপত্তা কোথায়?’, ‘আমাদের জন্য এ কেমন পৃথিবী রেখে যাচ্ছ তোমরা বড়রা?’, ‘বাংলাদেশ ফুঁসে ওঠো!’, ‘ধর্ষক মনের মৃত্যু হোক’—এমন স্লোগান লেখা ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।