পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি করেন। এতে ২৫ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীকে মারধরসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনের সামনে হামলার শিকার হন দেবীগঞ্জের ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় হামলাকারীদের ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন আনসার সদস্য তৈয়াবুল ইসলাম।
গতকাল সকাল থেকে উপজেলার তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের কথা ছিল। দুপুরে এসব ফিলিং স্টেশন পরিদর্শনে বের হন ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় তিনি খবর পান, ভাউলাগঞ্জের জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার কারণে জ্বালানি তেল বিতরণ শুরু করা সম্ভব হচ্ছে না।































































































































































































































