পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্ত থেকে ভারতীয় ১৩২ বিএসএফ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে গেছেন বলে জানা গেছে।
ওই দুই কিশোর হলো পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা দুজন ওই সীমান্ত এলাকায় চা–বাগানে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া-পাটশিরি সীমান্তঘেঁষা এলাকায় স্বজনের বাড়িতে বেড়াতে এসে সীমান্তে চা–বাগান দেখতে যায় ইন্দ্র ও উদয়। এ সময় তারা সীমান্তের ৪১৭ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করে ভারতের মীরগঞ্জ এলাকায় চলে গেলে ভারতীয় মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।































































































































































































































