পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনার চিত্র যেন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে নতুন ক্রয় করা পন্টুন পড়ে থেকে মরিচা ধরছে, অন্যদিকে পুরোনো পন্টুনে জোড়াতালির মাধ্যমে চালানো হচ্ছে ফেরিঘাট। এরই মধ্যে বন্ধ রয়েছে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। এতে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ। সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাটের মধ্যে সচল রয়েছে মাত্র দুটি। ৭ নম্বর ঘাটটি গত এক সপ্তাহের অধিক সময় ধরে পন্টুন মেরামতের জন্য বন্ধ রয়েছে। ঘাটটিতে ভাসমান কারখানার মাধ্যমে সংস্কারকাজ চললেও ধীরগতির কারণে দ্রুত চালু করার বিষয়টি নিশ্চিত নয়।

এদিকে ঘাট এলাকায় নতুন নির্মিত কয়েকটি পন্টুন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ব্যবহার না করায় সেগুলোয় ইতোমধ্যে মরিচা ধরতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার এসব পন্টুন যথাসময়ে ব্যবহার না করায় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।

একই সঙ্গে পুরোনো পন্টুনে ঝুঁকি নিয়েই চালানো হচ্ছে ফেরি কার্যক্রম। এর আগে গত ২৫ মার্চ ৩ নম্বর ফেরিঘাটে একটি বাসডুবির ঘটনার পর সাময়িকভাবে ঘাটটি বন্ধ হয়ে গেলে তীব্র দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।