পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও নগদ অর্থ লুট

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও নগদ অর্থ লুট

চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসা এলাকায় মুহাম্মদ নুরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নুরুল আলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বসতঘরের পাশে থাকা গোয়ালঘরেই রাতে অবস্থান করছিলেন নুরুল আলম। গভীর রাতে ১০–১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল গোয়ালঘরের দরজার লোহার শিকল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা বসতঘরে ঢুকে স্টিলের আলমারি ভেঙে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পাশাপাশি গোয়ালঘর থেকে লাল বর্ণের ৪টি ষাঁড় গরুও নিয়ে যায়।

ভুক্তভোগী নুরুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। তারা প্রথমে তাকে ও তার স্ত্রীকে একটি কক্ষে বেঁধে রেখে পরে টাকা ও গরু লুট করে। তিনি আরও জানান, নগদ টাকাগুলো গরু ও মাছ বিক্রির অর্থ এবং এক স্বজনের কাছ থেকে পাওয়া পাওনা ছিল, যা আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ব্যবসা ও ঘর মেরামতের জন্য সংরক্ষণ করেছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।