পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা মামলা

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে পাল্টা মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার পর পাল্টা হামলার অভিযোগে এবার শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়াকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বুধবার পটুয়াখালীর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করেন বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাজার কমিটির সভাপতি মো. বশির উদ্দিন (৫০)। আদালতের বিচারক মো. আবু বকর আবেদনটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী এ টি এম মোজাম্মেল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খোকন হোসেন, অ্যাগ্রো ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক মাছুদুর রহমান, অ্যানিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক মো. শাহবুবুল আলম, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, খামার তত্ত্বাবধায়ক আরিফুল ইসলাম, সেকশন অফিসার শাহাদৎ হোসেন, সহ–উপাচার্য কার্যালয়ের সেকশন অফিসার কাজী কাইয়ুম, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জসীম উদ্দিন, প্রকৌশল বিভাগের সাইফুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।