ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আরিফুজ্জামান আরিফের স্কুলশিক্ষক বাবা প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেছেন। তিনি বলছেন, আরিফুজ্জামান মাদকসহ ধরা পড়েছেন, তাঁকে আদালতে চালান দেওয়া হবে—পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে এমন ভয় তাঁকে দেখানো হয়। তাঁর কাছে টাকা দাবি করা হয়। তিনি ছেলের কথা ভেবে মুঠোফোনের মাধ্যমে দেড় লাখ টাকা দেন। পরে বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।
আরিফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার নামে ভুয়া তথ্য দিয়ে, আমার কণ্ঠ নকল করে একটি প্রতারক চক্র বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।’
আরিফুজ্জামানের বাবা মোস্তফা রুহুল কুদ্দুস সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এই ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।































































































































































































































