রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে আগুন লাগার ঘটনায় জড়িত অভিযোগে শহীদ হোসাইন হৃদয় (৩০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আগুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো। তাঁরা সবাই ওই প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে শহীদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর।
এর আগে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী (মাস্টাররোল) মো. আসমাউল ইসলাম (৩০), গবেষণা কর্মকর্তা ও স্টোর ইনচার্জ মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও স্টোরকিপার (মাস্টাররোল) মো. হুমায়ুন কবির খান (৫৯)। রোববার গ্রেপ্তার চার আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।































































































































































































































