কক্সবাজারের বনাঞ্চলে মা গাছ রক্ষার জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
কক্সবাজারের বনাঞ্চল ও আশপাশের এলাকায় একসময় পর্যাপ্তসংখ্যক মা গাছ দেখা গেলেও সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) করা এক জরিপে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ৪৪ হেক্টর বনভূমি ও আশপাশের এলাকায় মাত্র ৫০০ মা গাছের অস্তিত্ব পাওয়া গেছে।
মা গাছ হলো একটি বনের বাস্তুতন্ত্রের ভরকেন্দ্র। মা গাছ বছরের একটি নির্দিষ্ট সময়ে বীজ ছড়িয়ে বনের পুনর্জন্ম ঘটায়। এতে বনের পরিধি বাড়ে ও বন্য প্রাণীর জন্য বন নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে।































































































































































































































