প্রেমে বিচ্ছেদ হলে প্রেমিক বা প্রেমিকা অভিমানে অনেক অদ্ভুত ঘটনাই ঘটিয়ে থাকেন। এবার ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে মাদারীপুরের শিবচরে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ায় হাসান শিকদার (২২) নামের এক তরুণ আত্মহত্যার জন্য প্রায় ৪৬০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারের ওপরে উঠে পড়েন। খবর পেয়ে দীর্ঘ চেষ্টার পর তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুতের সদস্যরা।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যার দিকে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায়। ওই যুবককে বিভিন্নভাবে বুঝিয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণকে নিচে নামিয়ে আনা হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে প্রেমিকার বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কারণে হতাশায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকার ৪৬০ ফুট উঁচু বিদ্যুতের একটি টাওয়ারের ওপরে উঠে পড়েন।































































































































































































































