সিলেটে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একজন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির প্রথম আলোকে বলেন, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিলেন। তাঁরা স্থানীয়ভাবে ছিনতাইকারী হিসেবেও পরিচিত। পুলিশের একটি টহল দল তাঁদের দেখে ধাওয়া দেয়। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড় দেন।
আসাদুল আলম বাপ্পী নামের এক মাদক ব্যবসায়ী তখন তোপখানা এলাকার রাস্তার দিকে দৌড় দেন। ওই রাস্তায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে তখন পায়চারি করছিলেন র্যাবের কনস্টেবল ইমন আচার্য। এ সময় তিনি ওই মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরেন। সঙ্গে সঙ্গে আসাদুল ওই র্যাব সদস্যের বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করেন।































































































































































































































