রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনেরা। গভীর নলকূপের ভূগর্ভস্থ সঞ্চালন পাইপে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানিসংকটের কারণে হাসপাতালের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় রোগীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৫৫ বছর আগে হাসপাতালে স্থাপিত গভীর নলকূপে পাম্প বসানো হয়। সেখান থেকেই রোগীদের জন্য পানি সরবরাহ করা হয়। কিন্তু পাঁচ দিন আগে গভীর নলকূপের এক হাজার ফুট গভীরে থাকা লোহার পাইপ ও হাউজিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকালে সেখানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামের রোগীসহ ৮৮ জন রোগী ভর্তি আছে। শৌচাগারে পানি না থাকায় হাসপাতাল থেকে দূরের খালের পানি এনে শৌচাগারে ব্যবহার করতে হচ্ছে। এ ছাড়া হাসপাতাল কোয়ার্টারে বসবাস করা চিকিৎসক-নার্সসহ ৯টি পরিবার তীব্র পানিসংকটে পড়েছে।































































































































































































































