রাজবাড়ীর গোয়ালন্দে বেড়াতে নিয়ে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রাতেই মোটরসাইকেলসহ এক তরুণকে ধরে পুলিশে দেয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।
আটক তরুণ নাহিদুল ইসলাম (২০) গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গতকাল রোববার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
স্থানীয় মাতুব্বর ফরিদ মুন্সি বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন একটি মেয়ে ও একটি ছেলেকে ধরে আমার বাড়িতে নিয়ে আসে। তাদের কাছ থেকে ঘটনা জানার পর প্রাথমিকভাবে দুই পরিবার বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।’































































































































































































































