রাজধানীতে বৃষ্টির ঝড়ে যানজট, দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে বৃষ্টির ঝড়ে যানজট, দুর্ভোগে নগরবাসী

রাত থেকেই বৃষ্টি। আজ রোববার সকাল সাতটার দিকে বৃষ্টি আরও বাড়তে থাকে। চারদিক অন্ধকার হয়ে এসেছিল। যে সময়টার কথা বলছি, তখন রাজধানীবাসীর কর্মস্থলে ছোটার সময়। শিক্ষার্থীদেরও ক্লাস ধরার তাড়া। সকাল আটটায় সন্তানের পরীক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠান আসাদগেটে। রাজধানীর মনিপুরি পাড়ার বাসিন্দা ওবায়েদ (ছদ্মনাম) সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন প্রতিদিন যে সময়টায় বেরোন এর একটু আগেই। রিকশা করেই এ পথে যাতায়াত করেন। কিন্তু স্ট্যান্ডে গিয়ে দেখেন সেখানে গোটা দুই রিকশা। কোনো চালক যেতে রাজি নন। খানিকটা অপেক্ষার পর একটি সিএনজিচালিত অটোরিকশা পেলেন তাঁরা। সেই অটোরিকশা ভালোমতোই এগোচ্ছিল। কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের কাছে যেতে বিশাল যানজট। পরীক্ষার সময় আগত। অটোরিকশায় যানজটে আটকে থাকেন ওবায়েদ। বৃষ্টির মধ্যেই ছুটতে হয় তাঁর সন্তানকে, শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে। রাস্তার অনেক স্থানে পানি জমে গিয়েছিল। তাতেই এ যানজট।

এমন নানা ঝক্কির মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল শুরু হয়। রাজধানীর বিভিন্ন স্থানে ছাতা মাথায় অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহনের অপেক্ষায়। সকাল সোয়া আটটার পর বৃষ্টি কমতে থাকে।

সকালে বৃষ্টি ঝরিয়ে, নগরবাসীকে চরম দুর্ভোগে ফেলে আবার আগুনরোদ ঝরাচ্ছে আকাশ। সকাল সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখার সময় রাজধানীর তাপমাত্রা মাত্র এক ঘণ্টার মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবহাওয়া অফিস বলছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে আবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।