রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৭৩ জন

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৭৩ জন

রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাঁড়াশি অভিযানে গতকাল সোমবার ১৭৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির মুখপাত্র উপকমিশনার এন এম নাসিরুদ্দিন প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মিলে যে ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে তালিকাভুক্ত চাঁদাবাজ রয়েছেন ৩৫ জন। তালিকার বাইরে ৪৮ জনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী, ছিনতাইকারী ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬৪ জনকে। এ ছাড়া ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে।

ডিএমপির তথ্য অনুযায়ী ১ মে থেকে গতকাল ৪ মে পর্যন্ত চার দিনে বিশেষ অভিযানে ৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার ডিএমপি কমিশনার মো. সরওয়ার সাংবাদিকদের জানিয়েছেন, ১ মে থেকে রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের তালিকা ধরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএমপি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।