রাজধানীতে শাশুড়ির চিকিৎসার টাকা নেওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী আহত

রাজধানীতে শাশুড়ির চিকিৎসার টাকা নেওয়ার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী আহত

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিল্পী বেগম (৪০) নামের এক নারী আহত হয়েছেন। শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ির জন্য টাকা নিয়ে যাওয়ার পথে আজ শুক্রবার ভোরে তিনি ছিনতাইকারীদের হামলার মুখে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিল্পী বেগমের স্বামী আবদুল হক পেশায় ব্যবসায়ী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বৃদ্ধা মা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ তাঁর চিকিৎসার জন্য টাকার দরকার হয়। তখন তিনি তাঁর স্ত্রী শিল্পী বেগমকে বাসা থেকে ২৫ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসতে বলেন।

আবদুল হক বলেন, তাঁর স্ত্রী ২৫ হাজার টাকা সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনের সামনের রাস্তায় পৌঁছালে পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর হাতে-পায়ে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।