রাজশাহী শহরের ব্যস্ত সড়কজুড়ে এখন প্রকৃতির এক রঙিন প্রদর্শনী। কোথাও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জারুলের বেগুনি ছায়া, কোথাও ঝুলে থাকা সোনালুর হলুদ থোকা বাতাসে দুলে উঠছে। কৃষ্ণচূড়ার লাল আগুনরঙা উপস্থিতি পুরো দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে। পথচলতি মানুষের ক্লান্ত চোখে এই ফুলের সারি এনে দিচ্ছে মুহূর্তের প্রশান্তি।
রাজশাহী নগরের আলিফ-লাম-মীম ভাটা এলাকা থেকে নাদের হাজীর মোড় পর্যন্ত সড়কের দুই ধারে এখন এমনই রঙিন দৃশ্য। আরও সামনে চৌদ্দপাই বিহাস পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে ছড়িয়ে আছে ফুলের এই আয়োজন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের অন্য সময়ের তুলনায় সড়কটি এখন ভিন্ন রূপে সেজেছে। তবে গ্রীষ্ম এলেই যেন এটি নতুন রূপ ধারণ করে। বিশেষ করে বিকেলের আলো পড়লে সোনালুর হলুদ ফুল আরও উজ্জ্বল হয়ে ওঠে। আর সন্ধ্যার আগে জারুলের বেগুনি রঙে তৈরি হয় অন্য রকম আবহ।































































































































































































































