রাজশাহীতে গুটি আমের বাজার শুরু, প্রথম দিনে দাম ১ হাজার ৩২০ টাকা

রাজশাহীতে গুটি আমের বাজার শুরু, প্রথম দিনে দাম ১ হাজার ৩২০ টাকা

রাজশাহীতে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। মৌসুমের শুরুতে বাজারে উঠেছে গুটি আম। জেলার সবচেয়ে বড় আমের বাজার পুঠিয়ার বানেশ্বর বাজারে প্রথম দিনে চারটি ভটভটিতে এই আম আসে। এর মধ্যে দুই গাড়িতে ছিল গাছে পাকা আম। অন্যগুলো আচারের কারখানার জন্য আনা হয়। প্রথম দিনে গাছপাকা গুটি আমের দাম ছিল ১ হাজার ৩২০ টাকা মণ। বানেশ্বর বাজারের আমের আড়তগুলো এখনো চালু হয়নি। দুই থেকে চার আড়তদার খুলে বসেছেন। তাঁরা মূলত আড্ডা দিচ্ছেন। অল্প কয়েকটিতে আম কেনাবেচা চলছে। তার মধ্যে আচার তৈরির কাঁচা আমই ছিল বেশি।

নামাজ গ্রামের গোলাম মোস্তফা গুটি আম নিয়ে বাজারে এসেছিলেন। তিনি ১ হাজার ৩২০ টাকা মণে এই আম বিক্রি করেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে আমের ক্রেটের ওপরে অর্ধেক কাটা একটি পাকা আম রাখেন তিনি। অনেকে সেই আমের স্বাদ নিয়ে দেখছেন। কলি মাহমুদ নামের স্থানীয় এক ব্যবসায়ী স্বাদ নিয়ে বলেন, ‘আমটি মোটামুটি মিষ্টি।’

পুঠিয়ার ছত্রগাছা গ্রামের আরেক চাষি গুটি আম এনেছিলেন। আমগুলো রানিপসন্দ আমের গুটি। গাছে ১০ থেকে ১২টি পাকা আম দেখেছেন তিনি। আনোয়ার হোসেন নামের এক আড়তদার সেই আম ১ হাজার ৩২০ টাকা মণে কিনে নিলেন। তিনি বলেন, এই আম তিনি ঢাকায় পাঠাবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।