রাজশাহীতে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে অপহরণের হাত থেকে রেহাই পেল এক শিশু। শিশুটিকে উদ্ধার করে পুলিশ পরিবারের জিম্মায় দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ঝাড়ুদারের বিরুদ্ধে এই শিশু অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
শিশুটির নাম রিয়ান হোসেন ওরফে তাহা (১১)। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম সাখাওয়াত হোসেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে রিয়ান কোচিং করতে কাদিরগঞ্জ এলাকায় যাচ্ছিল। সে অটোরিকশায় উঠেছিল সিঅ্যান্ডবি মোড়ে। লক্ষ্মীপুর মোড় থেকে তাকে অপহরণের চেষ্টা করা হয়।
যাঁর বিরুদ্ধে শিশুটিকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে, তাঁর নাম শ্রী বাবুল (৪৮)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ঝাড়ুদার। রামেক ক্যাম্পাসেই থাকেন। তিনিই শিশুটিকে অটোরিকশা থেকে নামিয়ে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন।































































































































































































































