রাঙামাটিতে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাঁঠালতলি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়। পরে বেলা দুইটার দিকে বিএনপির নেতা-কর্মীদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্র। ২৩ সদস্যের এ আংশিক কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। ৩০ দিনের মধ্যে এ কমিটিকে পূর্ণাঙ্গ করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।































































































































































































































