রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের পাঁচ সদস্য। আজ সোমবার ভোর চারটার দিকে সাজেকের ভাইবোন ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম উজ্জ্বল চাকমা। সে ওই এলাকার নয়ন চাকমার ছেলে। আহত ব্যক্তিরা হলেন শিশুটির বাবা নয়ন চাকমা, মা রেশমি চাকমা, দাদা প্রদীপরঞ্জন চাকমা, দাদি মায়ারানী চাকমা, চাচা জিরিং চাকমা ও নিঝুম চাকমা।
সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ওই পরিবারের সদস্যরা ঘরেই ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে ঘরটিতে বজ্রপাত হয়। এ ঘটনায় ঘুমন্ত শিশুটির মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁদের খাগড়াছড়ি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বজ্রপাতে এক শিশু নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।































































































































































































































