রাঙামাটি শহরে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাসার সামনে খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী এক তরুণ শিশুটিকে সেখান থেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির রক্তক্ষরণ হওয়ার পর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর তাঁরা শিশুকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত তরুণ ঘটনার পর থেকে পলাতক।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান বলেন, ‘শিশুটিকে গতকাল রাত পৌনে নয়টায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’































































































































































































































