রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ দিনে এই হাসপাতালে হামে আক্রান্ত তিন শিশুর মৃত্যু হলো। হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশু হাসানের বয়স আট মাস। সে আজ রোববার সকাল সাতটার দিকে মারা যায়। শিশুটির অবস্থা স্থিতিশীল ছিল উল্লেখ করে এই চিকিৎসক বলেন, গতকাল শনিবার রাতে খাওয়ানোর পর তার অবস্থা খারাপ হয়।
মারা যাওয়া শিশুটির বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সাাপ্টিবাড়ি। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাম কর্নারে চিকিৎসাধীন ছিল।































































































































































































































