রাউজানে মাটি কাটা ও বালুর ব্যবসার দ্বন্দ্বের জেরে খুন হওয়া কাউসার-উজ-জামান বাবলুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে পূর্ব রাউজান এলাকা থেকে মামলার ৩ ও ৫ নং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান থানার ওসি সাজেদুল ইসলাম। আটককৃতরা হলেন, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের রহমতপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মো. শফি (৩৯) ও একই ওয়ার্ডের ঢালারমুখ কাজীপাড়ার মো. নুরুল আমিনের ছেলে মো. সুমন (৩৩)।
ওসি সাজেদুল ইসলাম জানান, নিহতের বাবলুর পিতা আবুল কালাম সওদাগর বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা (মামলা নং ২১) দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।































































































































































































































