হুইলচেয়ার ব্যবহার করেন, এমন একজন মানুষ পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় যেতে চান। কিন্তু রেস্তোরাঁর প্রবেশমুখে কয়েক ধাপ সিঁড়ি। ভেতরে ঢোকার ব্যবস্থা নেই। কোনোভাবে ভেতরে নেওয়া গেলেও ব্যবহারযোগ্য টয়লেট নেই। নগরের অনেক রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটা এখনো স্বাভাবিক দৃশ্য।
এই বাস্তবতা বদলাতে এবার সিটি করপোরেশন এলাকায় থাকা রেস্তোরাঁ, আবাসিক হোটেল ও ক্যাফেগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র্যাম্প ও টয়লেট স্থাপন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।































































































































































































































