কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নুর হাসান (৩২)। তিনি রোহিঙ্গা আশ্রয়শিবিরে 'বাইন্না ডাকাত' নামে পরিচিত। লেদা আশ্রয়শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা ছিলেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও রোহিঙ্গা নেতারা জানান, পিটুনির আগে আশ্রয়শিবিরের পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুটি সশস্ত্র দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। নুর হাসানও এই দুটি দলের মধ্যে একটির সদস্য ছিলেন।
গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় নুর হাসান স্থানীয় একটি পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের সদস্যরা তাঁকে দেখতে পেয়ে আটক করেন। পরে তাঁকে পিটুনি দেওয়া হয়।































































































































































































































