যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে বেড়াতে আসা এক যুবককে অনৈতিক কাজ করার অভিযোগ তুলে মারধর করা হয়েছে। এটি পয়লা বৈশাখের ঘটনা কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ছাড়াও কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পাড়ে ঘুরে বেড়ান। স্থানীয় লোকজন বলছেন, ছড়িয়ে পড়া ভিডিওর কারণে সাগরদাঁড়িতে পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ দুপুরে কপোতাক্ষ নদের তীরে ঘুরে বেড়িয়ে পর্যটকদের বসার গোলঘরে বসে ছিলেন এক যুবক ও তরুণী। এ সময় সাগরদাঁড়ি গ্রামের ভ্যানচালক বনি হোসেন ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ওই যুবক ও তরুণী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিযোগ তুলে তিনি তাঁদের এলাকা থেকে চলে যেতে বলেন।































































































































































































































