দুই হাসপাতালে অ্যান্টিভেনম পাননি সাপে কাটা রোগী, মৃত্যুর অভিযোগ

দুই হাসপাতালে অ্যান্টিভেনম পাননি সাপে কাটা রোগী, মৃত্যুর অভিযোগ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী জুলেখা খাতুন (৫৫) দুপুর সাড়ে ১২টার দিকে সাপে কাটায়। তাঁকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যেই সাপটিকে ধরে চিকিৎসকদের কাছে আনা হয়। হাসপাতালে অ্যান্টিভেনম (সাপে কাটা রোগীর ভ্যাকসিন) মজুত ছিল। কিন্তু জুলেখাকে সেই ভ্যাকসিন না দিয়ে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি। পরে তাঁর মৃত্যু হয়।

জুলেখার স্বজনদের অভিযোগ, বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর ভ্যাকসিন থাকলেও তাঁকে না দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড না পাওয়ায় ভর্তি করানো সম্ভব হয়নি। জুলেখার মৃত্যুর জন্য দুই হাসপাতালের চিকিৎসক-নার্সদের প্রতি অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর স্বজনেরা।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুলেখার মৃত্যু হয়। এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, ‘হাসপাতালে বর্তমানে ৪০ ভায়েল অ্যান্টিভেনম আছে। হাসপাতালে ওই রোগীর রক্ত পরীক্ষাও করা হয়েছিল। প্রাথমিকভাবে হেমোটক্সিক এবং নিউরোটক্সিক কোনো সংক্রমণ পাওয়া যায়নি। স্বজনদের আমরা বলেছিলাম যে এ ধরনের রোগীকে ভ্যাকসিন দেওয়ার পর আইসিইউ সাপোর্ট দরকার হয়, যেটা উপজেলায় নেই। পরে তাঁরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জানতে পারি, রোগীর মৃত্যু হয়েছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।