ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত অসহনীয় লোডশেডিংয়ের কারণে ভ্যাপসা গরমে তাঁরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার রাতে প্রচণ্ড গরমে অচেতন হয়ে পড়েন সরাইল থানার তিন পুলিশ সদস্য। তাঁরা হলেন বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)। পরে তাঁদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
সরাইল শতভাগ বিদ্যুৎ-সুবিধার আওতায় আসা একটি উপজেলা। এর নয়টি ইউনিয়নের মধ্যে সদরসহ সাতটি ইউনিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন। বাকি অংশ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন। এখানে বিউবোর গ্রাহক সংখ্যা ৫১ হাজার। এ বিপুলসংখ্যক গ্রাহক প্রতিদিন ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়ছেন।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘এখানে রাতে প্রতি এক ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হয়। গভীর রাতে পাড়া-মহল্লার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। আমাদের কাছে লোকজন এলে কোনো জবাব দিতে পারি না।’































































































































































































































