রাজধানীর মুগদায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. মোকারম মিয়া। তিনি সৌদিপ্রবাসী ছিলেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে তাঁর চাচাতো ভাই রিফাত মরদেহ শনাক্ত করে বুঝে নেন।
মোকারম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের সোহরাব মিয়ার ছেলে। রিফাত বলেন, মোকারম প্রায় সাড়ে তিন বছর সৌদি আরবে ছিলেন। তাঁর স্ত্রী জোনাকি বেগমের বরাত দিয়ে তিনি বলেন, ১৩ মে বিকেলে ইমোতে মোকারমের সঙ্গে কথা হয়েছিল। তবে তখন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু জানাননি। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
রিফাত আরও বলেন, ১৪ মে সৌদি আরবে থাকা মোকারমের এক সহকর্মীর সঙ্গে কথা হয়। তিনি জানান, ১৩ মে দিবাগত রাতে মোকারম বাংলাদেশে রওনা হন। যাওয়ার আগে কিছু মালামাল ওই সহকর্মীর কাছে রেখে গিয়েছিলেন। এর বাইরে তাঁরা আর কিছু জানতে পারেননি। তিনি বলেন, রোববার রাতে পুলিশের মাধ্যমে তাঁরা জানতে পারেন, মোকারমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।































































































































































































































