সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

সাভারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভার উপজেলায় একটি বাঁশভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মুক্তা আক্তার। তিনি রংপুরের তাজহাট থানার শেখপাড়া গ্রামের আবদুল মতিনের মেয়ে। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে একই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন মুক্তা।

গতকাল রাতে পরিচিত এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে নবীনগরের দিকে যাচ্ছিলেন মুক্তা। রাত ১০টার দিকে বাইপাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বাঁশভর্তি ওই ট্রাক। এ ঘটনায় মুক্তা সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দের পর চালককে আটক করা হয়েছে বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।