রাজধানীর শান্তিনগরে বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তি অচেতন হয়ে পড়ে ছিলেন। তাঁর নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি পেশায় ভবন নির্মাণের উপঠিকাদার ছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেন সপরিবার শান্তিনগরে থাকতেন। তাঁর ছেলে রাকিবুল ইসলাম জানান, বিকেলে বাবা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের কাজ দেখতে যান। সেখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাকিবুল ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর বাবার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।
সেখান থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন।































































































































































































































