শরীয়তপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সদর হাসপাতালের চিকিৎসক নাসির ইসলামকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী আজ শনিবার সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সলেমান কাজী (৩০), জসিম কাজী (৪০), আব্দুল জলিল কাজী (৩২), রবিউল কাজী (৩২), জায়েদা বেগম (৬০) ও আয়েশা মনি (১৯)। তাঁরা শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকার বাসিন্দা।
শুক্রবার গভীর রাতে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁর স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালিয়ে কর্তব্যরত চিকিৎসক নাসির ইসলামকে মারধর করেন।































































































































































































































