শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এক ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছে। গণপিটুনির পর ওই ব্যক্তিটি মারা যান। পুলিশ ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। পিবিআইয়ের একটি দল ওই ব্যক্তির লাশ থেকে আঙুলের ছাপ নিয়েও পরিচয় নিশ্চিত হতে পারেনি।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, ‘দুপুর ১২টার দিকে কয়েক ব্যক্তি সংকটাপন্ন অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। আমরা তাঁর চিকিৎসা দিচ্ছিলাম। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চুরি করতে যাওয়ার সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে জরুরি সেবা নম্বরের (৯৯৯) মাধ্যমে জানতে পেরে পুলিশ ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।’































































































































































































































