শরীয়তপুর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনা

শরীয়তপুর হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনা

শরীয়তপুর সদর হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত এক চিকিৎসককে মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতের এ হামলায় আহত হয়ে চিকিৎসক নাসির ইসলাম বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

রোগীর মৃত্যুর পর চিকিৎসক সেখানে যেতে দেরি করেছেন—এ অভিযোগ তুলে ক্ষুব্ধ স্বজনেরা প্রথমে জরুরি বিভাগে ভাঙচুর চালান। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসির ইসলামকে মারধর করা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।