যশোরের বাঘারপাড়া উপজেলার ভৈরব নদের তীরে বসে আছে শতবর্ষী ছাতিয়ানতলা হাট। এই হাটের বয়স ২০০ বছরের বেশি। হাটের প্রায় মাঝখানে বিশাল একটি বটগাছ। বটগাছের নিচে সুশীতল ছায়া। সেই ছায়ায় বসে ছাতিয়ানতলা হাট। হাটের নাম ছাতিয়ানতলা। যশোর শহর থেকে প্রায় ১০ কিমি পূর্ব দিকে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা মোড়।
হাটে এসেছেন অশীতিপর শেখ আনারুল ইসলাম (৮৫)। তিনি হাট থেকে বাঙ্গি কিনবেন। তিনি বলেন, ‘খুব ছোটবেলা থেকে এই হাটে আসছি। সেই থেকে দেখেছি এখানকার হাটে বাইরের জেলার লোক আসত পাট, ধান, কাঁঠাল আর খেজুরের গুড়–পাটালি কিনতে। সবচেয়ে বড় হাট বসত খেজুরের পাটালির।’
হাটে এসেছেন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের প্রবীণ পাল (৪৬)। তিনি বাড়িতে তৈরি মাটির তৈজসপত্র নিয়ে হাটে এসেছেন। সেগুলো বিক্রি করে তিনি সবজি আর মাছ কিনবেন।































































































































































































































