বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার রাতে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে শেখ রোকনকে পল্লীমা গ্রিন স্বর্ণপদক প্রদান করা হয়। পল্লীমা গ্রিনের চেয়ারম্যান আউয়াল কামরুজ্জামান ফরিদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশীদ বলেন, নদী বাংলাদেশের প্রাণ। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বর্তমান সরকার নদী ও খাল পুনরুদ্ধারে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। পল্লীমা সংসদ ও পল্লীমা গ্রিনের মতো সামাজিক সংগঠনগুলো এবং শেখ রোকনের মতো গবেষকরা এগিয়ে এলে দেশের নদী, খাল ও পরিবেশ সুরক্ষা সহজ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুস্তাফিজ শফি বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই নদী রক্ষাকে নাগরিক দায়িত্ব হিসেবেই দেখতে হবে। পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।































































































































































































































