শেরপুর পৌর শহরে ভাড়াটের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামের এক বাড়ির মালিককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল শনিবার দুপুরে ধর্ষণের ঘটনার পর রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই গৃহবধূ ও তাঁর স্বামী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেন। ভুক্তভোগীর স্বামী ব্যবসার কাজে অধিকাংশ সময় বাইরে থাকতেন। সেই সুযোগে এনামুল বিভিন্ন সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন।
ভুক্তভোগীর স্বামীর দাবি, বিষয়টি একাধিকবার এনামুলের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। পরে স্থানীয়ভাবে সমাধানেরও চেষ্টা হয়। কিন্তু গতকাল দুপুরে এনামুল ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন। তিনি এর বিচার দাবি করেন।































































































































































































































