নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে ইটিপি (তরল বর্জ্য পরিশোধনাগার) ছাড়া পরিচালিত ২০ শিল্পকারখানার বৈদ্যুতিক ও গ্যাসলাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গত ৫ মার্চ হাইকোর্ট শীতলক্ষ্যা নদীর তীরে ইটিপি (তরল বর্জ্য পরিশোধনাগার) ছাড়া পরিচালিত ২০ শিল্পকারখানার বৈদ্যুতিক ও গ্যাস-লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দেন।
পাশাপাশি নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় বিআইডব্লিউটিএ ওই প্রতিবেদন দাখিল করে।































































































































































































































