ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর পরিবারের অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে ওই চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার চিকিৎসক দম্পতি হলেন কে এম আবদুল্লাহ আল নোমান ও কিমিয়া সাদাত তোফা। তাঁদের বাড়ি জেলা শহরের উত্তর মৌড়াইলে। নির্যাতনের অভিযোগ অস্বীকার করে শিশুটির বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ তুলেছে ওই চিকিৎসক দম্পতি।
ভুক্তভোগী শিশুটির বাড়ি জেলার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে। প্রায় ৯ মাস আগে শিশুটির নানা তাকে ওই চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে দিয়ে যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শিশুর পরিবারের অভিযোগ, তিন মাস ধরে শিশুর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ করতে দিচ্ছেন না চিকিৎসক দম্পতি। কয়েকদিন আগে পরিবারকে জানানো হয়, শিশুটি চুরি করে বাসা থেকে পালিয়ে গেছে। কিন্তু তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন (২৬ এপ্রিল) সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।































































































































































































































