ফেনীর দাগনভূঞা উপজেলার এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। শিশুটি গত শনিবার বেলা ৩টার দিকে নিখোঁজ হয়। তারপর শিশুটির বাবাকে মুঠোফোনে এক ব্যক্তি কল দেন। শিশুটিকে অপহরণ করা হয়েছে জানিয়ে মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মুঠোফোনে কল করে শিশুটির বাবার কাছে প্রথমে ১২ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে আবার ফোন দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা চাওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানায় শিশুটির পরিবার।
পরিবার জানায়, শনিবার শিশুটি নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর রাতে অজ্ঞাত সেই ব্যক্তি ফোন করলে সেটিও তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হয়েছে। তবে পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেনি বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল আজীম। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ নেই, মামলাও করেনি। তাই লাশটির ময়নাতদন্ত হয়নি।































































































































































































































