সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নিহত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) কনস্টেবল ইমন আচার্যের (২৮) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে।
সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে দুপুর ১২টার দিকে ইমনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বজনেরা মরদেহ নিয়ে তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর পশ্চিম ধলই গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই তাঁর শেষকৃত্য হবে।































































































































































































































